মাধবপুরে ডাকবাহী গাড়ি-ট্রাক সংঘর্ষে নিহত ৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে ডাকবাহী গাড়ির চালক ও মেইল গার্ড রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের ডাক পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
নিহত ব্যক্তিরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। তাঁদের মধ্যে জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। অপর নিহত মজনু মিয়ার বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত অবস্থায় পান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১২৮ বার পড়া হয়েছে