সর্বশেষ

সারাদেশ

৫ শিক্ষকের বিনা বেতনে চলছে বিদ্যালয়, ড্রেনের পানি পান করে শিশুরা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়াইল গ্রামের একটি বিদ্যালয়ে নানা সংকটের মধ্যেও চলছে পাঠদান। জরাজীর্ণ মাটির ঘর, ফুটো টিনের চালা, শ্রেণিকক্ষ ও বেঞ্চের সংকটের পাশাপাশি নেই নিরাপদ পানির ব্যবস্থা। ফলে তৃষ্ণা মেটাতে ড্রেনের পানি পান করতে হচ্ছে শিক্ষার্থীদের। অথচ পাঁচ শিক্ষক কোনো বেতন-ভাতা ছাড়াই প্রতিদিন প্রায় ১২০ শিক্ষার্থীকে পাঠদান করে যাচ্ছেন।

বিদ্যালয়টির নাম বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটিতে আশপাশের সাত-আটটি গ্রামের শিশুরা পড়াশোনা করে। বিদ্যালয়টির পাঁচ কিলোমিটারের মধ্যে বিকল্প কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা এটি।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির ভবন মাটির দেয়াল দিয়ে তৈরি। মাথার ওপর মরিচা ধরা টিনের চালার বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। একই কক্ষে একাধিক শ্রেণির পাঠদান চলছে।

বিদ্যালয়টিতে নেই বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্যসম্মত শৌচাগার কিংবা নিরাপদ পানির ব্যবস্থা। সবচেয়ে উদ্বেগের বিষয়, বিশুদ্ধ পানির অভাবে শিক্ষার্থীদের ড্রেনের পানি পান করতে হচ্ছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবও পাঠদানকে কঠিন করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে মিশনারিরা চলে গেলে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে নতুন নামে আবারও বিদ্যালয়টি চালু করা হয়। এরপর থেকে নানা প্রতিকূলতার মধ্যেই চলছে শিক্ষার কার্যক্রম।

বড়াইল গ্রামটি মূলত আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসতি। এখানকার অধিকাংশ পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এসব পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এলাকার অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিশুদ্ধ পানি না থাকায় তৃষ্ণা পেলে তাদের ড্রেনের পানি পান করতে হয়। এতে অসুস্থ হওয়ার ভয় থাকে। বৃষ্টির সময় টিনের চালার ছিদ্র দিয়ে পানি পড়ে। তখন শ্রেণিকক্ষে বসে পাঠ নেওয়াও কঠিন হয়ে যায়। বেঞ্চের সংকটে গাদাগাদি করে বসতে হয়। এত সমস্যা থাকার পরও তারা নিয়মিত বিদ্যালয়ে আসে। তাদের দাবি, দ্রুত নতুন ভবন নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাঁচজন শিক্ষক কোনো বেতন-ভাতা ছাড়াই আন্তরিকতার সঙ্গে শিশুদের পাঠদান করছেন। তবে জরাজীর্ণ ভবন, নিরাপদ পানির অভাব এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে।

প্রণব কুমার বর্মন আরও বলেন, বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হবেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি স্বীকৃতির দাবি জানান।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি তাঁরা জেনেছেন। সরেজমিনে পরিদর্শন করে নিরাপদ পানির সংকট, জরাজীর্ণ ভবনসহ অন্যান্য সমস্যা খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি তাঁরা সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে অবকাঠামোগত সমস্যা, শ্রেণিকক্ষের সংকট ও নিরাপদ পানির অভাব রয়েছে।

তিনি বলেন, বিদ্যালয়টির বর্তমান অবস্থা বিবেচনায় নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে সরকারি স্বীকৃতির বিষয়টি সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী বিবেচনা করতে হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন করতে হবে। একই সঙ্গে বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি এবং বিনা বেতনে পাঠদান করা শিক্ষকদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীদের চোখে রয়েছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের প্রধান অবলম্বন বিদ্যালয়টিতেই নেই ন্যূনতম সুযোগ-সুবিধা। এরপরও প্রতিদিন বিদ্যালয়ে আসছে শিশুরা, পাঠদান চালিয়ে যাচ্ছেন পাঁচ শিক্ষক। বড়াইল গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে এখন প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০