নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের পেট্রলবোমা হামলায় আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টার কিছু পর দৌলতপুর উপজেলার ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম মুঠোফোনে আগুন লাগার বিষয়টি জানানোর পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি জানান, আট কক্ষবিশিষ্ট টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাড়িতে থাকা দুটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের কাছেই নুসরাত তাবাসসুমের মা-বাবা একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন লাগেনি। তাঁর পরিবারের কেউ অগ্নিদগ্ধ হননি বা ক্ষতিগ্রস্ত হননি।
পেট্রলবোমা হামলার অভিযোগের বিষয়ে ওসি খালেদুর রহমান বলেন, নুসরাত তাবাসসুমের দাবির পরিপ্রেক্ষিতে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
বৃহস্পতিবার দুপুরে নুসরাত তাবাসসুম থানায় গিয়ে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
অগ্নিকাণ্ডের পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’
এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুরে পৌঁছেছেন নুসরাত তাবাসসুম। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলব।’
১১৯ বার পড়া হয়েছে