সর্বশেষ

আন্তর্জাতিক

দীপাবলিতে বাজি ফোটানো নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর এক সদস্য উত্তর প্রদেশের বাগপত জেলায় গুলিবিদ্ধ হয়েছেন। দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ ওই সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক।

আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমর। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দীপাবলির রাতে নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে এই বিরোধ সহিংসতায় রূপ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাগ্‌বিতণ্ডার মধ্যে ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি প্রথমে দেয়ালে লাগে। পরে আরেকটি গুলি সৌরভের কানের পেছনে মাথায় আঘাত করে।

এ সময় ধীরাজের ভাই লাঠি দিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পাল্টাপাল্টি সংঘর্ষের একপর্যায়ে মিন্টুও লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। দীপাবলি উদ্‌যাপনের জন্য ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা সৌরভকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তাঁর মাথা থেকে গুলি বের করেন। তবে আইসিইউতে চিকিৎসাধীন সৌরভের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।

এ ঘটনায় সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০