সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলায় অনলাইন এডিটরস সোসাইটির নিন্দা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি (ওইএস)। সংগঠনটি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সাংবাদিক অমিত হাসান রবিনের পরিবারের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস সোসাইটি। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তাঁর বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়।
নেতারা বলেন, একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক এবং নিন্দনীয়। কোনোভাবেই এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা তাঁদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়বে।
অনলাইন এডিটরস সোসাইটির নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
একই সঙ্গে সাংবাদিক রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সব গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
১৩৬ বার পড়া হয়েছে