সর্বশেষ

সারাদেশ

বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়েছে

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সংস্থাটির ড্রেজার বেইজের একটি বার্জ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সকালে সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন পরিচালনার কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে এর সামনের একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর হোসেন জানান, প্রতি সপ্তাহের মতো বুধবারও নিয়মিত কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। কীভাবে এ ত্রুটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে তাঁরা বুঝতে পারেননি।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় জাহাজের একজন কর্মী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ক্ষতিগ্রস্ত ক্রেনটি উদ্ধারে ইতোমধ্যে প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে ক্রেনটি ভেঙে পড়ায় বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ বা পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি জানান, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। জাহাজটির ধারণক্ষমতা ২৫০ টন। বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত এটি চলাচল করে না।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০