৫ ডিসেম্বর বিয়ের গুঞ্জন, মিমির পাত্রের পরিচয় নিয়ে আলোচনা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। টালিউডে ছড়িয়েছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। সম্ভাব্য পাত্রের নাম সিদ্ধার্থ। শোনা যাচ্ছে, তিনি পেশায় নৌবাহিনীর কর্মকর্তা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিনের সম্পর্কের পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী। তবে বিয়ের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
মিমির ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে জানা গেছে, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। পাত্র বিনোদনজগতের কেউ নন। পেশায় তিনি নৌবাহিনীর কর্মকর্তা বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের দোকানে মিমির উপস্থিতি বিয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে। কারণ, তারকাদের বিয়ের পোশাকের ক্ষেত্রে সব্যসাচীর নকশা বেশ পরিচিত। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি ও অদিতি রাও হায়দারির মতো তারকাদের বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি।
মুম্বাইয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও রয়েছে সব্যসাচীর দোকান। সম্প্রতি সেখানেই দেখা গেছে মিমিকে। এ কারণে বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী সব্যসাচীর নকশা করা পোশাক পরবেন কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
আরও শোনা যাচ্ছে, ৫ ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সেরে নিতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ি পরিবেশে বসতে পারে বিয়ের আয়োজন। সম্ভাব্য স্থান হিসেবে আলোচনায় রয়েছে কালিম্পং। আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর খবরও পাওয়া যাচ্ছে।
তবে বিয়ের তারিখ, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের স্থান—কোনোটিই এখনো মিমি চক্রবর্তী নিজে নিশ্চিত করেননি। ফলে বিষয়টি আপাতত গণমাধ্যমের খবর ও ঘনিষ্ঠ মহলের সূত্রে পাওয়া তথ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
১৬৪ বার পড়া হয়েছে