সর্বশেষ

সারাদেশ

কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হত্যার ঘটনায় তাঁকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনের বয়স ২৯ বছর। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন তিনি। ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবেও দায়িত্ব পালন করতেন মোবারক।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে মোবারক জানান, ঝাড়ফুঁক দেওয়ার সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তিনি জানান, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিষয়টি তাঁর মা তাহমিনা বেগম দেখে ফেলেন। পরে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন মোবারক। এরপর সুমাইয়াকেও হত্যা করেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, আদালতের এই ঐতিহাসিক রায়ে তাঁরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০