সর্বশেষ

জাতীয়

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের লক্ষ্য বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
২০৩০ সালের মধ্যে দেশের সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সম্মেলনে বিমসটেকের সদস্যদেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন।

সাখাওয়াত হোসেন বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করার কাজ চলছে।

এ ছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু, ১৫টি বড় হাসপাতালে উন্নত চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং ‘ওয়ান হেলথ’ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে সমন্বিত ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবস্থা ও একক ই-হেলথ পরিচয় চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও আগাম সতর্কতাব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধক্ষমতা এবং মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০