সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার ঐতিহ্যের সাক্ষী পরিত্যক্ত মোহিনী মিল

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
একসময় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল কুষ্টিয়ার মোহিনী মিলে তৈরি শাড়ি, ধুতি ও সুতা। কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থানের পাশাপাশি পূর্ব বাংলার শিল্প-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সময়ের ব্যবধানে নানা সংকট ও মালিকানা-সংক্রান্ত জটিলতায় বন্ধ হয়ে গেছে উৎপাদন। এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একসময়ের ঐতিহ্যবাহী এই বস্ত্রশিল্প প্রতিষ্ঠান।

কুষ্টিয়া শহরের বুকে দাঁড়িয়ে থাকা মোহিনী মিল শুধু একটি পরিত্যক্ত কারখানা নয়, এটি এই অঞ্চলের শিল্পায়ন ও বাণিজ্যিক সমৃদ্ধির এক গুরুত্বপূর্ণ স্মারক। একসময় যে প্রতিষ্ঠানের তৈরি কাপড়ের চাহিদা দেশের সীমানা পেরিয়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, আজ সেই কারখানার অধিকাংশ স্মৃতিচিহ্ন হারিয়ে যেতে বসেছে।

জানা যায়, ১৯০৮ সালে মোহিনী মোহন চক্রবর্তীর উদ্যোগে মাত্র আটটি তাঁতযন্ত্র নিয়ে যাত্রা শুরু করে মোহিনী মিল। চাকরি থেকে অবসরের পর নিজের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমায় মিল স্থাপনের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থার সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কাছাকাছি রেলস্টেশন, নদীবন্দর ও বড়বাজার থাকায় উৎপাদিত সুতা ও কাপড় সহজেই বিভিন্ন অঞ্চলে পরিবহণ করা সম্ভব হতো।

শুরুতে ছোট পরিসরে কার্যক্রম চালু হলেও অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি বড় শিল্পকারখানায় রূপ নেয়। ১৯১০ থেকে ১৯১৮ সালের মধ্যে ইংল্যান্ড থেকে উন্নত তাঁতযন্ত্র আমদানি করে উৎপাদন বাড়ানো হয়। ক্রমে বিশাল এলাকাজুড়ে বিস্তৃত হয় কারখানার কার্যক্রম।

পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল থেকে তাঁতিরা মোহিনী মিলে তৈরি সুতা কিনতে কুষ্টিয়ায় আসতেন। একপর্যায়ে প্রতিদিন শিয়ালদহ থেকে ট্রেনের কয়েকটি বগি সংরক্ষিত রাখা হতো এই মিলের সুতা পরিবহণের জন্য। ১৯২০-এর দশকে কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করতেন।

মোহিনী মিলে তৈরি হতো শাড়ি, ধুতি, বিছানার চাদর, তোয়ালে, চিকিৎসাকাজে ব্যবহৃত গজ ও ব্যান্ডেজসহ বিভিন্ন ধরনের কাপড়। এসব পণ্যের বাজার ছিল ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বার্মা পর্যন্ত বিস্তৃত। স্বদেশি আন্দোলনের সময় দেশীয় কাপড়ের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

শুধু উৎপাদন ও বাণিজ্যিক সাফল্যই নয়, তৎকালীন বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার কারণেও মোহিনী মিল বিশেষ পরিচিতি পেয়েছিল। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ সে সময়ের একাধিক বিশিষ্ট ব্যক্তি।

তবে প্রতিষ্ঠানের সাফল্যের পথ সব সময় মসৃণ ছিল না। শ্রমিক অসন্তোষের কারণে ১৯৩৭ থেকে ১৯৪০ সালের মধ্যে কারখানাটিতে চার দফা ধর্মঘট হয়। পরবর্তী সময়ে নানা সংকট ও মালিকানা-সংক্রান্ত জটিলতা দেখা দিলে ধীরে ধীরে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় কারখানাটি।

পরবর্তী সময়ে মিলটি বিক্রির জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সেসব প্রচেষ্টা সফল হয়নি। বর্তমানে কারখানার বিভিন্ন যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একসময়কার বিশাল কারখানা এলাকার কিছু অংশে এখন মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও দাতব্য হাসপাতাল গড়ে উঠেছে।

একসময় যে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়েছিল উপমহাদেশের বিভিন্ন প্রান্তে, আজ সেটি প্রায় বিস্মৃতির পথে। তবে কুষ্টিয়ার শিল্পায়ন, কর্মসংস্থান ও বাণিজ্যিক ইতিহাসের সঙ্গে মোহিনী মিলের নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে।

ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী মানুষের জন্য কুষ্টিয়া শহরের দর্শনীয় স্থানগুলোর তালিকায় মোহিনী মিল হতে পারে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। পরিত্যক্ত এই কারখানার অবশিষ্টাংশ আজও মনে করিয়ে দেয়, একসময় এখানেই গড়ে উঠেছিল পূর্ব বাংলার অন্যতম সমৃদ্ধ বস্ত্রশিল্প প্রতিষ্ঠান।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০