শ্রীনগরে বসতঘরে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল সংলগ্ন বাড়ি
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকার বাসিন্দা সুমন মৃধার টিন ও কাঠের নির্মিত একটি ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘরটি টিন ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভিতরের মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার তথ্যানুসারে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার কর্মীদের সুসংগঠিত তৎপরতায় আগুন কেবল একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয় এবং সংলগ্ন অন্যান্য বসতবাড়িতে ছড়াতে পারেনি।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, রান্নার সময় ব্যবহৃত ইলেকট্রিক চুলা থেকেই আগুনের সূত্রপাত ঘটেছিল। দুর্ঘটনায় ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো মানুষ হতাহত হননি।
১৫৭ বার পড়া হয়েছে