মেহেরপুরে তরুণ উদ্যোক্তা খুঁজতে ‘উদ্যোগ’ কর্মশালা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের উদ্যোগ চিহ্নিত করা এবং সহজ শর্তে অর্থায়নের আওতায় আনার লক্ষ্যে মেহেরপুরে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় আয়োজিত কর্মশালায় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস। মুখ্য আলোচক ও উপস্থাপক হিসেবে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আশেক বিল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তৌহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের এডিপি ম্যানেজার আহসান উল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আল মামুন এবং উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া কর্মশালায় মেহেরপুর রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এসএম সাব্বির হোসেন, সোনালী ব্যাংকের গাড়াডোব শাখার ব্যবস্থাপক মোহা. এহসানুল কবিরসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির বাস্তবায়নে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল)। এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের শনাক্ত করে তাঁদের উদ্যোগ বিকাশে অর্থায়নের সুযোগ তৈরি করা হচ্ছে।
১০৯ বার পড়া হয়েছে