হাসিনাকে জনগণ আর কখনো মেনে নেবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ আর কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে নতুন খেলার মাঠ তৈরির বৃহৎ পরিকল্পনার কথা জানান তিনি।
নওগাঁর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো সমাজের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে নওগাঁ জেলা স্টেডিয়ামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামটিতে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও আধুনিক ইনডোর সুবিধাসমূহ গড়ে তোলা হবে। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের মাধ্যমে আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণের রূপরেখা রয়েছে।
তারেক রহমানের বিশেষ নির্দেশনার প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, সারা দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৩৭টি জেলা থেকে ৫৩৫টি মাঠের সার্বিক তথ্য পাওয়া গেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত এক হাজার মাঠের তথ্য সংগ্রহ সম্পন্ন করার জোর প্রক্রিয়া চলছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ইকরামুল বারি টিপু, মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক। উল্লেখ্য, ১২টি দলের এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
১১০ বার পড়া হয়েছে