ইন্টার্নশিপ পুনর্বহালের দাবি, রামেকে তোপের মুখে ছাত্রলীগের দুই নেতা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে ইন্টার্নশিপ পুনর্বহালের দাবিতে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে রাজপাড়া থানায় হস্তান্তর করেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের কক্ষে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতার অবস্থানের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা পরিচালকের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ওই দুই নেতা রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ ও পুনর্বহালের দাবিতে পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।
তবে তাঁদের পরিচালকের কক্ষে অবস্থানের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। পরে বৈষম্যবিরোধী চিকিৎসকমণ্ডলী, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা পরিচালকের কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কক্ষটি ঘেরাও করে দুই নেতাকে অবিলম্বে আটক করার দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়।
একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে থাকা ওই দুই নেতাকে নিজেদের হেফাজতে নেয় যৌথ বাহিনী। পরে তাঁদের রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
১১০ বার পড়া হয়েছে