যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন: বরগুনার ওসির ৭ বছরের কারাদণ্ড
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বরগুনার তালতলী থানার বরখাস্তকৃত ওসি রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ২২ মার্চ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ঠিকাদার আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সঙ্গে তৎকালীন উপপরিদর্শক রফিকুল ইসলামের ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের আগে ও পরে রফিকুল শ্বশুরবাড়ি থেকে মোট ১৮ লাখ টাকা যৌতুক নেন। পরবর্তীতে ২০২০ সালে বরগুনা জেলার তালতলী থানায় তদন্ত ওসি হিসেবে পদোন্নতি পাওয়ার পর ঢাকার উত্তরায় বসবাস শুরু করেন এই কর্মকর্তা।
অভিযোগে জানা যায়, ২০২০ সালের ১০ ডিসেম্বর ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে রফিকুল ও তার পরিবারের সদস্যরা স্ত্রীকে নির্যাতন করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে একই বছরের ২৫ ডিসেম্বর শ্বশুড়বাড়িতে এসে তানিয়াকে শারীরিক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় তানিয়া আফরিন বাদী হয়ে ২০২১ সালের ১০ জানুয়ারি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
আদালতে সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের (সংশোধনী ২০০৩) ১১ খ ও গ ধারায় যথাক্রমে পাঁচ বছর ও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালত উভয় সাজা একসঙ্গে চলার নির্দেশ দেওয়ায় আসামিকে মোট পাঁচ বছর কারাভোগ করতে হবে। রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী বলেন, পুলিশের অপরাধও যে পার পায় না তা এই রায়ে প্রমাণিত হয়েছে।
১১৩ বার পড়া হয়েছে