গজারিয়ায় শিক্ষা উপকরণ মেলা: সীমানাপ্রাচীর ও খেলার মাঠের বরাদ্দের আশ্বাস জেলা প্রশাসকের
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের আশ্বাস দেন।
মঙ্গলবার গজারিয়া উপজেলার ৪৩ নম্বর নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফী। সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের নানা সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন তিনি।
অভিভাবকদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বিদ্যালয়ের সুরক্ষায় দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠের প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা দেন। একই সঙ্গে জেলায় বিদ্যমান শিক্ষক সংকট দূর করার পাশাপাশি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দ্রুত পূরণের প্রতিশ্রুতি দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার মিজ উম্মে হাফছা নাদিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে কেবল পড়াশোনা নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি। পরবর্তীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।
১৪৩ বার পড়া হয়েছে