বিরামপুরে মাটির নিচের রহস্যময় পিলার অদলবদলের অভিযোগ
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বিরামপুরে মাটির নিচে উদ্ধার হওয়া একটি রহস্যময় পিলার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটি টাকার গোপন লেনদেন ও পুলিশে জমা দেওয়া পিলার আসল নাকি নকল—তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর এলাকায় জমি চাষের সময় কৃষকদের কোদালে মাটির নিচে আটকে যায় একটি বিশেষ আকৃতির বস্তু। স্থানীয়রা এটি উদ্ধার করে মহরম নামে এক যুবকের জিম্মায় রাখেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বস্তুটিতে আঘাত করলে এক অদ্ভুত অনুকম্পন ও ঝনঝন শব্দ হতো।
কয়েক মাসের ব্যবধানে উক্ত বস্তুটি ঘিরে তৈরি হয় বিশাল এক গোপন বাজার। ঢাকার একটি প্রভাবশালী চক্রের সঙ্গে দুই কোটি টাকা হাতবদলের বায়নাপত্র হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর থেকেই রহস্যজনকভাবে মূল উদ্ধারকারীদের এড়িয়ে চলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
বিতর্কের চড়মে পৌঁছে গত ১৪ অক্টোবরের কিছুদিন আগে বিরামপুর থানায় একটি পিলার জমা দেন মহরমের পরিবার। তবে অভিযোগকারীদের স্পষ্ট দাবি, থানায় যে বস্তু জমা দেওয়া হয়েছে সেটি একটি সাধারণ সিমেন্টের পিলার। মাঠে পাওয়া অলৌকিক ক্ষমতাসম্পন্ন মূল বস্তুটি গোপন করার উদ্দেশ্যেই এই অদলবদল করা হয়েছে।
যদিও বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টিকে স্থানীয়দের মধ্যকার অভ্যন্তরীণ শত্রুতার ফল বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, থানায় জমা পড়া বস্তুটি সিমেন্টের তৈরি। অন্যদিকে, ঘটনার সত্যতা উন্মোচনে বিশেষজ্ঞরা যেন থানায় থাকা বস্তুটি পরীক্ষা করেন, সেই জোর দাবি তুলেছেন এলাকাবাসী।
১১২ বার পড়া হয়েছে