কুড়িগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। সভায় উগ্রবাদমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কো-অর্ডিনেটর মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান। এ সময় তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
মসিউর রহমান বলেন, বাংলাদেশ সবার। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ, দল ও মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। সংগঠনের এ অগ্রযাত্রায় সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
সংগঠনের বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক হায়দার আলী চিশতি, সাবেক সরকারি কর্মকর্তা ও লেখক আব্দুস সালাম, কুড়িগ্রাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. আব্দুর রফিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী সংগঠক আফরোজা বেগম আলপনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে উগ্রবাদমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
১০৮ বার পড়া হয়েছে