গুগলে বয়স ৩৩, বিস্মিত সাদিয়া আয়মান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গুগলে নিজের বয়স ৩৩ বছর উল্লেখ থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। জন্মসাল ও বয়স নিয়ে ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় আলোচনা হয়। প্রেম, বিয়ে ও সম্পর্কের পাশাপাশি তাঁদের বয়স এবং জন্মসাল নিয়েও কৌতূহল দেখা যায়। এবার নিজের বয়স ও জন্মসাল নিয়ে এমন আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।
গুগলে নিজের নামে থাকা একটি প্রোফাইলে বয়স ৩৩ বছর উল্লেখ করা হয়েছে দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে ভুল তথ্যটি কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে সবার কাছে পরামর্শ চেয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে একটি স্ক্রিনশট প্রকাশ করেন সাদিয়া আয়মান। এর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে। না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?’
জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথা জানিয়েছেন সাদিয়া আয়মান। নিজের পোস্টে এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্ট ছিল।’
গুগলে নিজের বয়স নিয়ে থাকা তথ্যের সঙ্গে তাঁর দেওয়া জন্মদিন ও বয়সের তথ্যের অসংগতি তুলে ধরতেই এই পোস্ট দিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে গুগলে থাকা ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়েছেন তিনি।
১২৭ বার পড়া হয়েছে