পঞ্চগড়ে মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় জমি বিরোধের জেরে নিজের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান।
পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান। তিনি জানান, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে পঞ্চগড় সদর থানায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি নাশকতা বিরোধী মামলা করা হয়। তবে সেই মামলায় হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম এবং ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
সাবেক এই জনপ্রতিনিধির দাবি, আসামিদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই কোন্দলের জেরে প্রতিপক্ষরা মামলার মূল ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পরিবারসহ মানববন্ধন করেছে। মূলত রাজনৈতিক ফায়দা হাসিল ও তদন্ত বিভ্রান্ত করতে এই ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে শাহজাহান আরও দাবি করেন, অভিযোগকারীরা বিগত সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অপপ্রচার বন্ধ না হলে পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
১১২ বার পড়া হয়েছে