সর্বশেষ

বিনোদন

তিন বছর পর বাংলাদেশে লাকি আলী, গান গাইবেন দুই শহরে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপ সংগীতশিল্পী লাকি আলী। এবার ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও গান শোনাবেন তিনি। আগামী ১২ ও ১৩ নভেম্বর দুই শহরে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট।

২০২৩ সালে ঢাকায় সংগীত পরিবেশনের পর আবারও বাংলাদেশে আসছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী লাকি আলী। ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের এই আয়োজনের মধ্য দিয়ে এবার প্রথমবারের মতো চট্টগ্রামেও মঞ্চে উঠবেন তিনি।

কনসার্টটির আয়োজক ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে সংগীত পরিবেশন করবেন লাকি আলী।

ঢাকার কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামের আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। দুই শহরের কনসার্টেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড সংগীত পরিবেশন করবে। ব্যান্ডগুলোর তালিকাও আজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

ইকিউব এন্টারটেইনমেন্টের ওয়েবসাইটে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। তিন শ্রেণিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। সাধারণ শ্রেণির টিকিটের দাম ৪ হাজার টাকা, প্রিমিয়াম শ্রেণির ৭ হাজার টাকা এবং ভিআইপি শ্রেণির টিকিট ১২ হাজার টাকা।

সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের কয়েকটি কনসার্ট স্থগিত হওয়ায় লাকি আলীর অনুষ্ঠান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব জানিয়েছে, অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। কর্তৃপক্ষের সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু হয়েছে। শেষ পর্যন্ত প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদী আয়োজকেরা। দর্শকদের জন্য আকর্ষণীয় একটি কনসার্ট আয়োজন করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডিনির্ভর গানে নিজস্ব পরিচিতি তৈরি করেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনো’র ‘ও সানাম’ গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

বলিউডের প্লেব্যাক সংগীতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

২০১৫ সালের পর ধীরে ধীরে বলিউডের প্লেব্যাক থেকে নিজেকে গুটিয়ে নিয়ে স্বাধীন সংগীতচর্চায় বেশি মনোযোগ দেন এই শিল্পী।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০