করিমগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।
অন্যদিকে খালাস পাওয়া চার আসামি হলেন আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়ায় চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করছিল। এ কারণে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান। তাঁকে লোহার রড, কাঠের বর্গা ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর আত্মীয় আয়শা আক্তারও হামলার শিকার হন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্না বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জ্যোৎস্না বেগমের স্বামী হাবিবুর রহমান ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
১২০ বার পড়া হয়েছে