দেশজুড়ে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন স্থানে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত গাজীপুর, নেত্রকোনা, নওগাঁ, ফরিদপুর, ঢাকা, বগুড়া, মাদারীপুর, শরীয়তপুর, পটুয়াখালী, বরগুনা ও পাবনায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে বাস, কভার্ড ভ্যান ও পৌরসভার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা রয়েছে। ফরিদপুরে বাসে আগুন নেভাতে গিয়ে এক চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে কয়েকটি স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কর্মসূচিতে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে।
বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা পাঁচ থেকে ছয়জন যুবক এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকেরা কার্যালয়ের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে পেট্রোলের বোতল ও গন্ধ পাওয়া গেছে।
বটিয়াঘাটা থানা বিএনপির সদস্যসচিব মো. ফারুক তালুকদার অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকজন জড়িত বলে তিনি দাবি করেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে তিনটি মোটরসাইকেলে আসা পাঁচ যুবককে কার্যালয়ের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন দিতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা শহর থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গাজীপুরে এক রাতে তিন যানবাহনে আগুন
গাজীপুরে এক রাতের ব্যবধানে তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের হাজীবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
এরপর মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, কভার্ড ভ্যানে আগুনের ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আগুনের ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন
মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি ফাঁকা বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বগিটির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।
ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরা নাশতা করতে বাইরে গেলে দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন দেয়।
স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, দায়িত্বে থাকা স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী স্টেশনের লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
নওগাঁয় দুটি বাসে আগুন
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের তিনটি বাসের মধ্যে দুটিতে আগুন লাগে।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. কালাচাঁদ (৫০)। আগুন দেখে বাইরে বেরিয়ে তা নেভানোর চেষ্টা করতে গিয়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাস চালাতেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বারৈ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর সময় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বাসচালকের মৃত্যু হয়।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ ও ককটেল বিস্ফোরণ
সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লগি-বৈঠা হাতে ৭০০ থেকে ৮০০ জন সেখানে জড়ো হন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং দুটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। অন্য একটি সূত্রের হিসাবে, বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের সংখ্যা ছিল প্রায় দুই হাজার এবং প্রায় ২৫টি ককটেল বিস্ফোরিত হয়।
অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় ও যান চলাচল বন্ধ থাকে। সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ' যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ২৫টি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
ঢাকায় ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশে ককটেল উদ্ধার
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি কাগজ পাওয়া যায়। কাগজে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। পরে বেলা সাড়ে ১২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে পৌঁছায়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। একই দিন দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশ থেকেও দুটি ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো সরিয়ে নেয়।
ধামরাইয়ে বাসে অগ্নিসংযোগ
ঢাকার ধামরাইয়ে ভূমি অফিসের সামনে সোমবার দিবাগত রাত একটার দিকে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বগুড়ায় মহাসড়কে আগুন, মাদারীপুরে ককটেল বিস্ফোরণ
বগুড়ার শেরপুরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করেন। পরে মহাসড়কে রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দিয়ে তাঁরা চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, মাদারীপুরের কালকিনি মাছ বাজারের বড় ব্রিজসংলগ্ন এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিএম রাসেল (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।
পটুয়াখালী, বরগুনা ও পাবনায় অবরোধ
মঙ্গলবার সকাল ৬টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পায়রা পাম্পের পর ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত খান। জেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মশাল মিছিলের খবরও পাওয়া গেছে।
বরগুনার বেতাগীতে রাতের আঁধারে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বেতাগী পৌরসভার একটি গাড়িতে আগুন দেওয়া হয়। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়। বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ কয়েকটি আঞ্চলিক সড়কে এসব ঘটনা ঘটে।
পাবনায় পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই কর্মসূচির সমর্থনে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। কয়েকটি ঘটনার তদন্ত চলছে। তবে সব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও অগ্নিসংযোগের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১৩২ বার পড়া হয়েছে