নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে চাঞ্চল্য
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। তাঁদের একজন হিন্দু ধর্মাবলম্বী, অন্যজন মুসলিম। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের এক গৃহবধূ ওই হাসপাতালে সন্তান জন্ম দেন। সন্তান জন্মের সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে রোববার সকালে হঠাৎ হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনি নবজাতকের জন্মদাতা পিতা বলে দাবি করেন।
এমদাদের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে সংসার শুরু করেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান।
নিজের দাবির পক্ষে হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের কাছে বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণ দেখান এমদাদ।
এদিকে, এমদাদ হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখান থেকে চলে যান শুভাস। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে শান্তা এমদাদের দাবি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এমদাদের সঙ্গে তাঁর বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও এমদাদ নন। যদিও এমদাদের দেখানো বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদকে বিয়ে করার পরও বাবার বাড়িতে যাতায়াত ছিল শান্তার। এরই মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে তাঁদের বিয়েও হয়।
অভিযোগ রয়েছে, শান্তা চাকরির কারণে ঢাকায় থাকেন বলে জানতেন শুভাস। তবে বাস্তবে তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামী এমদাদের সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে গিয়ে দ্বিতীয় স্বামী শুভাসের সঙ্গেও সময় কাটাতেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ও হাসপাতালে আলোচনা-চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১২০ বার পড়া হয়েছে