সর্বশেষ

আন্তর্জাতিক

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়ে সেটির সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা চুল্লিতে পড়ে গেলে বিস্ফোরণের সূত্রপাত হয়।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই কারখানার শ্রমিক। হাবাস ডেমির সেলিক তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।

স্থানীয় গভর্নর জানান, সোমবার দুপুরের দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। সেখানে ক্রেনের সাহায্যে নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়। এর পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন জ্বলতে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে তাঁদের একজনের ধারণা হয়েছিল, সেখানে ভূমিকম্প হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। শুরুতে তিনি নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ান আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

বিবিসির তুর্কি বিভাগের প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি এবং দেশটির জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই বড় ধরনের সমস্যা হিসেবে রয়ে গেছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০