সর্বশেষ

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে জোটে চান আইজেনকট, দিলেন চার শর্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট নতুন জোট সরকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদকে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখিয়েছেন। তবে জোটে যোগ দিতে হলে শরিকদের চারটি শর্ত মানতে হবে বলে জানিয়েছেন তিনি।

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইয়াশার পার্টির নেতা আইজেনকটকে জোট সরকার গঠনের উদ্যোগ নিতে হচ্ছে। সম্ভাব্য সরকারে নেতানিয়াহু ও তাঁর দল লিকুদকে রাখতে আপত্তি না থাকলেও জাতীয় ঐক্যের স্বার্থে চারটি শর্ত দিয়েছেন তিনি।

পিবিএসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর এ আহ্বান জানান আইজেনকট।

তিনি বলেন, যে সরকারই গঠিত হোক না কেন, তা যেন দেশের সব জনগোষ্ঠীর মধ্যে ঐক্য, সংযোগ ও ক্ষত নিরাময়ের পরিবেশ তৈরি করে—এটাই তাঁর আন্তরিক প্রত্যাশা। কারণ, ইসরায়েলের অস্তিত্ব এই ঐক্যের ওপর নির্ভরশীল এবং দেশটি সবার একটাই।

আইজেনকট আরও বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময়ে আবার নির্বাচন আয়োজন করে সময় নষ্ট করার সুযোগ নেই।

লিকুদ ও রিলিজিয়াস জায়নবাদী পার্টির নেতারা যদি সত্যিই জাতীয় ঐক্য চান, তাহলে তাঁর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে তাঁদের আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেন আইজেনকট। তাঁর মতে, দেশের স্বার্থে এখন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিদায়ী সরকারের ওপর নেসেটের ৭৪ জন সদস্য আস্থা হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। আইজেনকট এই অবস্থানকে জনগণের মতামতের প্রতিফলন হিসেবে তুলে ধরেন।

জোটে যোগ দিতে চার শর্ত

সম্ভাব্য জোটের শরিকদের জন্য আইজেনকটের দেওয়া প্রথম শর্ত হলো, ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা মূল্যবোধ মেনে নিতে হবে।

তৃতীয় শর্তে তিনি বলেছেন, সামরিক, জাতীয় অথবা বেসামরিক সেবার মাধ্যমে প্রত্যেকের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দেশটির সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার কথাও বলেছেন তিনি।

চতুর্থ শর্ত অনুযায়ী, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সংগঠনটির সামরিক শক্তি ও শাসনক্ষমতা ধ্বংস করার প্রতিশ্রুতিও দিতে হবে।

নির্বাচনের পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলেও এতে নেতানিয়াহুর রাজনৈতিক ক্ষমতার অবসান ঘটেনি। একইভাবে নতুন জোট সরকার গঠনও এখনো নিশ্চিত হয়নি।

সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে পরবর্তী সময়ে তিনি আরও সময় চাইতে পারবেন।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০