গোদাগাড়ীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত মূল্যে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সোমবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হাতনাবাদ এলাকায় এই অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও আশ্বাসে কৃষকেরা অবরোধ তুলে নেন।
উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার বিসিআইসি সার ডিলার ‘মানিক ট্রেডার্স’ ও ‘মোশাররফ হোসেন ট্রেডার্স’-এর সামনে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষকেরা। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ড্যাপ সার না পাওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাঁরা সড়কে নেমে পড়েন। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই অবরোধে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ফসলের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামে সার বিক্রি করছেন না। ফলে সময়মতো জমিতে প্রয়োগের সার না পেয়ে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কায় তাঁরা মহাসড়ক অবরুদ্ধ করতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে কৃষকেরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ডিলারদের মজুত তদারকি করা হচ্ছে এবং সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১৯ বার পড়া হয়েছে