কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দিনের সফরে প্রধানমন্ত্রী আনতালিয়ায় যাচ্ছেন। সম্মেলনে তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন।
তিনি বলেন, ঢাকা থেকে ইস্তানবুলে যাত্রাবিরতি শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রীর আনতালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
উপপ্রেস সচিব জানান, আনতালিয়ায় পৌঁছানোর পরদিন প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে তারেক রহমানের বৈঠক নিশ্চিত করা হয়েছে।
পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিন দিনের সফর শেষে শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব।
১২২ বার পড়া হয়েছে