ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ করবে সরকার
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার এবং চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে একটি করে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি হাসপাতালে থাকবে ১০০টি শয্যা। প্রাথমিক পর্যায়ে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসার সুযোগ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এসব হাসপাতালে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়ায়ও শ্রমিকদের বিশেষ চিকিৎসাসেবার বিষয়টি গুরুত্ব পাবে।
বক্তব্যে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব গুরুত্বপূর্ণ খাত পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। দেশের নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে নেওয়া বিভিন্ন নীতির কারণে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একইভাবে চিকিৎসাব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার যে অগ্রগতি আগে হয়েছিল, পরবর্তী সময়ে তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের চিকিৎসাব্যবস্থার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশিকে বিদেশে যেতে হতো।
বর্তমান সরকারের দায়িত্ব ও অগ্রাধিকার তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সেই উদ্যোগের অংশ।
তিনি আরও জানান, এর আগে সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১২১ বার পড়া হয়েছে