দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পূর্বাভাসটি দিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।
১১৬ বার পড়া হয়েছে