শহীদ নূর হোসেন দিবস আজ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে জীবন উৎসর্গ করেন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ১০ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন।
সেদিন বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। মিছিলের অগ্রভাগে থাকা নূর হোসেন গুলিস্তানের জিরো পয়েন্টের কাছে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।
তাঁর এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। পরবর্তী সময়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালন করা হয়। দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিত। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান আজও মানুষের কাছে সাহস, ত্যাগ ও প্রতিবাদের অনুপ্রেরণা হয়ে রয়েছে।
১২৭ বার পড়া হয়েছে