আনসার বাহিনীর ২২ সদস্য যাচ্ছেন ওমরাহ পালনে, টিকিট ও ভিসা বিতরণ
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ওমরাহ-২০২৬ পালনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মনোনীত ২২ কর্মকর্তা-কর্মচারী ও সদস্যের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে বাহিনীর সদর দপ্তরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে পবিত্র ওমরাহ-২০২৬ পালনের উদ্দেশ্যে মনোনীত সদস্যদের মধ্যে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নিরাপদ যাত্রা ও ওমরাহ পালনের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় ওমরাহযাত্রীদের সুস্বাস্থ্য ও নিরাপদ সফর কামনা করে মহাপরিচালক পবিত্র ওমরাহ যথাযথ ধর্মীয় নিয়মনীতি ও শৃঙ্খলার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশ ও বাহিনীর সার্বিক কল্যাণে দোয়া করার জন্য তাঁদের প্রতি অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের উপযুক্ত সময় তারুণ্য। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব ধরনের সংস্কারের মূল ভিত্তি হলো মানসিকতার পরিবর্তন। তাই ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। ওমরাহ পালনের মাধ্যমে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।
ওমরাহ সফর সম্পর্কে দিকনির্দেশনা দিতে গিয়ে মহাপরিচালক যাত্রীদের যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন। সফরে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা, ব্যক্তিগত নিরাপত্তা এবং বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া সফরসংশ্লিষ্ট নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে ওমরাহ সম্পন্ন করার আহ্বান জানান।
পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার জন্যও তিনি ওমরাহযাত্রীদের প্রতি অনুরোধ করেন।
বাহিনীর এই বিশেষ উদ্যোগকে সদস্যদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়। ওমরাহ পালনের মাধ্যমে সদস্যরা আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা অর্জন করে ভবিষ্যতে কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩৬ বার পড়া হয়েছে