নারীরা জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবেন? যা বললেন আহমাদুল্লাহ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নারীদের জিন্স বা আঁটসাঁট প্যান্ট পরার বিষয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তাঁর মতে, নারীদের এমন পোশাক পরা উচিত, যাতে শরীরের আকৃতি ও গোপন অঙ্গ প্রকাশ না পায়। এ কারণে জিন্স বা আঁটসাঁট পোশাক পরা পরিহারযোগ্য।
বর্তমান সময়ে তরুণ প্রজন্মের পোশাকের অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ জিন্স। শপিং মল, বিভিন্ন দোকান কিংবা ফুটপাত—সব জায়গাতেই নানা নকশা ও ধরনের জিন্স পাওয়া যায়। মুসলিম নারীদের মধ্যেও এ ধরনের পোশাকের ব্যবহার দেখা যায়।
এ বিষয়ে এক ব্যক্তি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর কাছে জানতে চান, নারীরা জিন্স বা আঁটসাঁট প্যান্ট পরতে পারবেন কি না।
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামে নারীদের এমন পোশাক পরার বিধান রয়েছে, যা তাঁদের শরীরের আকৃতি ও গোপন অঙ্গ যথাযথভাবে ঢেকে রাখে। জিন্স বা আঁটসাঁট প্যান্ট পরলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও গঠন স্পষ্ট হয়ে ওঠে। তাই ইসলামি দৃষ্টিকোণ থেকে এ ধরনের পোশাক পরা অনুচিত ও পরিহারযোগ্য।
পুরুষদের পোশাকের সঙ্গে সাদৃশ্যের প্রসঙ্গ
শায়খ আহমাদুল্লাহর মতে, জিন্স সাধারণত পুরুষদের প্রচলিত পোশাক হিসেবে বিবেচিত। নারীদের এ ধরনের পোশাক পরার ক্ষেত্রে বিপরীত লিঙ্গের পোশাক কিংবা অন্য সংস্কৃতির বেশভূষার সঙ্গে সাদৃশ্য তৈরির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
তিনি আরও বলেন, অনেক নারী বোরকার নিচে জিন্স বা আঁটসাঁট প্যান্ট পরেন। তবে বাইরে বা মানুষের সামনে চলাফেরার সময় পোশাকের মূল উদ্দেশ্য বজায় রাখা জরুরি। অর্থাৎ, পোশাকের মাধ্যমে যেন শরীরের আকৃতি প্রকাশ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে।
বিপরীত লিঙ্গের বেশভূষা গ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা
শায়খ আহমাদুল্লাহ বলেন, হাদিসে পুরুষদের নারীদের এবং নারীদের পুরুষদের বেশভূষা গ্রহণের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইসলামি বিধান অনুযায়ী, এ ধরনের নিষেধাজ্ঞা অমান্য করা কবিরা গুনাহ।
তিনি আরও উল্লেখ করেন, নারী ও পুরুষের জন্য বিপরীত লিঙ্গের পোশাক, জুতা ও সাজসজ্জা গ্রহণ করা হারাম। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর একান্ত অবস্থানেও এ বিধানের ব্যতিক্রম নেই।
১২৭ বার পড়া হয়েছে