চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা দ্বিগুণ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে একজন গ্রাহক চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
বিদেশে চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত সহজ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার ডলার নেওয়ার সুযোগ ছিল।
বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার ব্যয় পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো। নতুন নির্দেশনায় এ বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকগুলো সরাসরি এসব শিক্ষার খরচ পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
এ ছাড়া পেশাগত ও সনদভিত্তিক কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত এফএমজে (ফরম এফএমজে) ঘোষণা ফরম পূরণ করে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে পারবেন।
ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে ব্যবহারের জন্য আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।
১৩৩ বার পড়া হয়েছে