মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কম্পিউটার অপারেটরদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির সূচনা করেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং সদর সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সরকারি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও নাগরিক সেবা প্রাপ্তি সহজ করতে কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
তিনি শতভাগ হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও আদায়, হাট-বাজারের ইজারা ও টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং ১ শতাংশ বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে সরকারি আর্থিক বিধি-বিধান মেনে চলে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
১৪০ বার পড়া হয়েছে