সর্বশেষ

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি, ভিসি চত্বর, প্রশাসনিক ভবন, মধুর ক্যানটিনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত সাত থেকে আটটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও তিনটি বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। এসব ঘটনায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়।

প্রক্টরিয়াল টিমের সদস্য হারুন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে দিয়েছেন। বিষয়টি জানিয়ে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে জীবনযাপন করতে পারেন, সে জন্য ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০