অক্সফোর্ডে নতুন দায়িত্ব পেলেন জাস্টিন ট্রুডো
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টে নতুন দায়িত্ব পেয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি প্রতিষ্ঠানটির ‘বিশিষ্ট ফেলো’ হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি ‘বিশ্বনেতা সার্কেল’-এর সদস্য হয়েছেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শুক্রবার এ তথ্য জানানো হয়।
নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে ট্রুডো সাবেক বিশ্বনেতাদের একটি আন্তর্জাতিক দলে যুক্ত হলেন। এই দলে আগে থেকেই রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
জাস্টিন ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদত্যাগ করেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ৫৪ বছর বয়সী ট্রুডো জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ১০ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা যেন শিখতে পারেন, সে চেষ্টা করবেন তিনি। তাঁর ভাষ্য, দায়িত্ব পালনকালে বিশ্বরাজনীতি ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা বর্তমান বিশ্বকে অনেকটাই বদলে দিয়েছে।
ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন এনগায়রে উডস বলেন, সাবেক বিশ্বনেতাদের অভিজ্ঞতা থেকে সরাসরি শেখার সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরও আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন ট্রুডো। চলতি মাসের শেষ দিকে তাঁর অক্সফোর্ড ইউনিভার্সিটি পরিদর্শনের কথা রয়েছে।
এদিকে রাজনীতি থেকে সরে আসার পর বিনোদন জগতেও যুক্ত হয়েছেন ট্রুডো। সম্প্রতি তাঁর সাবেক সহকারী কেটি টেলফোর্ডের সঙ্গে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি।
১২৭ বার পড়া হয়েছে