দেশের পরিবর্তনে সমবায় নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: এমপি ওয়াহিদ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের সার্বিক পরিবর্তনে সমবায় নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তাগিদ দেন।
ময়মনসিংহ সমবায় বিভাগ আয়োজিত এই আলোচনা সভাটি জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভার সূচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মুহাম্মদ আবদুল্লা আল মামুন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার উল্লেখ করেন যে সমবায় কার্যক্রমের প্রধান ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস ও ঐক্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্ষুদ্র পুঁজি একত্র করে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। তিনি সমিতির আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ করা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করা এবং দক্ষ নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে সফল সমবায় সমিতিগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি ভালো কাজ করা সমিতিগুলোকে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সেবার পরিধি আরও সম্প্রসারিত করার পরামর্শ দেওয়া হয়। সভায় সমবায় কর্মকর্তা ও বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
১৩২ বার পড়া হয়েছে