সর্বশেষ

আন্তর্জাতিক

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৬

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোর মেইন মার্কেট স্কয়ারে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৬ জন। পরে হামলাকারীর বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক শহর ক্রাকোর পর্যটক ও সাধারণ মানুষের ভিড়ে পূর্ণ মেইন মার্কেট স্কয়ারে শনিবার (৭ নভেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামরিক ধাঁচের পোশাক ও হেলমেট পরা এক ব্যক্তি গাড়ি চালিয়ে সরাসরি স্কয়ারে প্রবেশ করেন। এরপর গাড়ির ভেতর থেকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন তিনি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটকের চেষ্টা করে। এ সময় পুলিশ ও হামলাকারীর মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী আহত হলে তাঁকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন

পুলিশের তথ্য অনুযায়ী, ক্রাকোর মার্কেট স্কয়ারে নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে তিনজন পোলিশ নাগরিক এবং একজন ব্রিটিশ পুরুষ রয়েছেন। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহত ১৬ জনের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের অন্তত পাঁচজন নাগরিক রয়েছেন।

হামলাকারীর বাড়িতে আরও তিনজনের মরদেহ

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১২৫ মাইল দূরে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের ওস্ত্রোবিয়েৎস শভিয়েনতকশিস্কিতে হামলাকারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে আরও তিনজনের মরদেহ পাওয়া গেছে। নিহত দুই নারী ও এক পুরুষ হামলাকারীর মা-বাবা ও বোন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৫ বছর বয়সী ওই বন্দুকধারী অতি-ডানপন্থী উগ্র জাতীয়তাবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন।

নিরাপত্তা জোরদার, দুই দিনের জাতীয় শোক

হামলার পর ক্রাকো শহরজুড়ে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানী ওয়ারশসহ দেশটির অন্যান্য প্রধান শহরের জনবহুল এলাকাগুলোতে সড়ক ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে পোল্যান্ডে রোববার ও সোমবার দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০