জয়পুরহাটের ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম জেলা ছাত্রদলের
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং বিতর্কিত বক্তব্যের জেরে জয়পুরহাটের জেলা প্রশাসককে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় বিজ্ঞপ্তির বিষয়টি প্রকাশ করেন। ছাত্রদলের জেলা সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের অভিযোগ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি ছিল না। এছাড়া অনুষ্ঠান চলাকালে এক বক্তা বিতর্কিত বক্তব্য প্রদান করলেও জেলা প্রশাসক আল-মামুন মিঞা নীরব ভূমিকা পালন করেন।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যানারে ছবি না থাকায় তাৎক্ষণিকভাবে হট্টগোল শুরু হয়। পরে আয়োজকরা ব্যানারে ছবি যুক্ত করে পরিবেশ শান্ত করেন। তবে পরবর্তীতে বক্তব্যের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় উত্তেজনা তৈরি হয়।
উদ্ভূত পরিস্থিতির পর জেলা প্রশাসক প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ছাত্রদল অনড় থেকে জেলা প্রশাসকের দ্রুত অপসারণ দাবি করে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।
১১০ বার পড়া হয়েছে