সর্বশেষ

সারাদেশ

শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা: স্বাস্থ্যমন্ত্রী

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর বেলাবতে দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে সহায়তা বিতরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল।

শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল ব্যক্তি ও কর্মজীবী নারীদের মাঝে ঢেউটিন, অর্থ সহায়তা এবং সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের এক চরম রাজনৈতিক ও জাতীয় ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান শাসনভার গ্রহণ করেছিলেন। তিনি দায়িত্ব না নিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার প্রবল আশঙ্কা ছিল।

সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষকই ছিলেন না, বরং মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সরাসরি রণাঙ্গনে লড়াই করেছেন। পরবর্তীতে রাষ্ট্রপরিচালনায় এসে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সহায়তা প্রদান কর্মসূচির আওতায় এদিন ৯০ জন দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া ৫৬ জন সুবিধাভোগীকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং গৃহনির্মাণের জন্য অতিরিক্ত ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। কর্মজীবী নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২০০ জনের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন।

বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০