মথুরাপুরে চেয়ারম্যান পদে সুরাত আলীর প্রার্থিতা ঘোষণা, উঠান বৈঠক ও র্যালি
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সুরাত আলী সন্টু। এ উপলক্ষে শুক্রবার বিকেলে হোসেনাবাদ সেন্টারপাড়ায় এক উঠান বৈঠক ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এলাকার মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী সুরাত আলী সন্টু। বৈঠক শেষে একটি বিশাল র্যালি বের হয়ে হোসেনাবাদ বাজারসহ ইউনিয়নের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা ও স্থানীয় বিএনপি নেতা মহাসিন আলী, যুবদল নেতা বাহার উদ্দিন এবং শ্রমিক দল নেতা ওয়াসিম আলীসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁর প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।
বক্তব্যে সুরাত আলী সন্টু বলেন, এলাকার অবহেলিত রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর প্রধান লক্ষ্য। কোনো প্রকার সামাজিক বিভেদ না রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব ও উন্নয়নমুখী মথুরাপুর ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান তিনি। এজন্য তিনি সর্বস্তরের জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
১২৩ বার পড়া হয়েছে