নড়াইলে মোস্তফা কাজী হত্যা: চার্জশিট থেকে আসামি বাদ অভিযোগে বিক্ষোভ
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার মোস্তফা কাজী হত্যা মামলার মূল আসামিদের অভিযোগপত্র বা চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। শুক্রবার বিকেলে এলাকার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে মামলার নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুলাই নড়াইল সদর উপজেলার পলাইডাঙ্গা গ্রামে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে মোস্তফা কাজীকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে কাজী আমজাদ হোসেন বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিক্ষোভ মানববন্ধনে নিহতের ছেলে ও মামলার বাদী কাজী আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই সাগর অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে এজাহারভুক্ত হুকুমের আসামিসহ মূল অভিযুক্তদের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এতে মামলার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সমাবেশে বক্তব্য রাখা অন্য বক্তারা জানান, মামলার নিরপেক্ষ পুনঃতদন্ত নিশ্চিত করার পাশাপাশি তদন্ত কর্মকর্তার অপকর্মের যথাযথ বিচার করতে হবে। অন্যদিকে, তদন্ত কর্মকর্তা এসআই সাগর তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণ ও অনৈতিক সুবিধার অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, সাক্ষীদের জবানবন্দি ও তদন্তের ভিত্তিতেই সঠিক চার্জশিট দেওয়া হয়েছে।
১১২ বার পড়া হয়েছে