খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও পোস্টার, তীব্র ক্ষোভ
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা মহানগরীর শিববাড়ি রেলস্টেশন সংলগ্ন দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রবিরোধী পোস্টার। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজ।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে সম্প্রতি শিববাড়ি রেলস্টেশনের দেয়ালে বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। অন্যান্য গুণীজনদের গ্রাফিতি অক্ষত থাকলেও দুষ্কৃতকারীরা কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেয়। একই সঙ্গে ওই দেয়ালে কিছু রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেসিসির এই সৌন্দর্য বর্ধন কাজের পর গভীর রাতে বা ভোরে দুষ্কৃতকারীরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। উক্ত স্থানে চিত্রশিল্পী এস এম সুলতান, কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তসহ আরও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা রয়েছে। তবে কেবল বিশ্বকবির গ্রাফিতিকেই বিকৃত করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালেও বিশ্বকবির গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সেই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনার ঘটনায় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে