সর্বশেষ

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালির দক্ষিণে নিষিদ্ধ নৌপথে প্রবেশের চেষ্টাকালে নৌমাইনের বিস্ফোরণে চারটি তেল ট্যাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনায় ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায়। একই সঙ্গে নৌ চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আরও দুটি জলযান আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, নৌমাইনের বিস্ফোরণে চারটি তেল ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। বিস্ফোরণের পর সেগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া নৌ চলাচলসংক্রান্ত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে আরও দুটি জলযান আটক করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন নির্মিত এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী, এটি এ ধরনের ভূপাতিত হওয়া ৫৬তম বিমান।

আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেছে। অভিযানের মাধ্যমে ‘শত্রুর ওপর ভারী আঘাত’ হানা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত আঘাত’ দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ঘটনা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই এ ঘটনা ঘটল। একই সময়ে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সোমবার ইরান জানিয়েছিল, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বার্তা আদান-প্রদান চলছে। তেহরানের বক্তব্য, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের ওপর নির্ভর করছে।

যুদ্ধ ও সমঝোতার প্রেক্ষাপট

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান ওই অঞ্চলে মার্কিন স্থাপনা ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালায়। এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে সংঘাত অব্যাহত ছিল।

পরবর্তী সময়ে, ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তবে নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই পক্ষের মতপার্থক্যের কারণে চুক্তিটির বাস্তবায়ন আটকে যায়।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০