সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
স্পেনের টোলেডোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হওয়ার পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ভ্যালাডোলিড থেকে স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রার্থিতা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) স্প্যানিশ দৈনিক এল পাইসের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

কংগ্রেসের স্থায়ী প্রতিনিধিত্ব কমিটির কাছে পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, ‘মর্যাদার খাতিরে স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রী এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি দুর্ঘটনার পর পদে বহাল থাকতে পারেন না।’

নিজের পদত্যাগকে ‘রাজনৈতিক মর্যাদার সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন তিনি। পুয়েন্তে নিশ্চিত করেছেন, ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনে ভ্যালাডোলিড থেকে দলের প্রার্থী হিসেবেও তিনি থাকছেন না।

নির্বাচনী প্রচারণায় প্রভাব

চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত এ ঘটনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নির্বাচনী প্রচারণায় বড় ধাক্কা দিয়েছে। জনমত জরিপে পিছিয়ে থাকা সোশ্যালিস্ট প্রধানমন্ত্রীর জন্য দুর্ঘটনাটি রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।

গত ২৮ অক্টোবর মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে উরদা গ্রামের বাইরে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফের একটি উচ্চগতির ট্রেন বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত স্থির একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়।

নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিতর্ক

দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থায় ত্রুটির কারণে ৬৩ কিলোমিটার রেলপথে সব ধরনের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে নিয়ন্ত্রণকেন্দ্রের এক অপারেটর রেনফের ট্রেনটিকে স্বাভাবিক গতিতে চলার অনুমতি দেন।

এ ঘটনায় ডানপন্থী বিরোধী দল ও ট্রেড ইউনিয়নগুলো পরিবহনমন্ত্রী পুয়েন্তের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, তিনি দুর্ঘটনার দায় এককভাবে একজন নিয়ন্ত্রকের ওপর চাপানোর চেষ্টা করেছেন।

আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পুয়েন্তে সরকারের কার্যক্রমের পক্ষে যুক্তি তুলে ধরেন। মাদ্রিদ-সেভিল রেলপথ অবহেলিত হওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। এ সময় ওই রেলপথের ৭৮ কোটি ইউরোর আধুনিকায়ন কর্মসূচির কথা উল্লেখ করেন।

নতুন নিরাপত্তাব্যবস্থা ও ক্ষতিপূরণ

দুর্ঘটনার পর বেশ কিছু নিরাপত্তামূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুয়েন্তে। এর মধ্যে রয়েছে অনিয়ম শনাক্ত করে নিয়ন্ত্রকদের সতর্ক করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ব্যবহার, নিরাপত্তাব্যবস্থা বিকল হলে দুজন অপারেটরের বাধ্যতামূলক অনুমোদন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৩ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ।

এদিকে ট্রেন চালকদের ইউনিয়ন সেমাফ আগামী ১০ ও ১২ নভেম্বর কর্মবিরতির ডাক দিয়েছে। তাদের দাবি, ২০২১ সালে রেল পরিবহন খাতে বাজার উদারীকরণের পর থেকে কাজের পরিবেশ ও রক্ষণাবেক্ষণের মানের অবনতি হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্দালুসিয়ায় একই মাদ্রিদ-সেভিল রেলপথে সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০