জামালপুর পৌর গোরস্থানে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর পৌর গোরস্থানে ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল। বুধবার সকালে এ অভিযানে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতারা।
জামালপুরের পৌর গোরস্থানে ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।
বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা যুবদলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান, যুবদল নেতা একরামুল হোসেন মানিক, ইমরান কায়সারসহ অন্যান্য নেতারা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌর গোরস্থানে জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনার সমস্যা রয়েছে। গোরস্থানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আগামীর সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
পরিচ্ছন্নতা অভিযান শেষে জিয়া পরিবারের সদস্যদের এবং পৌর গোরস্থানে শায়িত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
১২০ বার পড়া হয়েছে