জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে নির্মমভাবে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান না থাকায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
দীর্ঘদিনের এই পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ৭ মার্চ রাতে ঘাতক সিরাজুল তার স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে এবং পরবর্তীতে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ পরদিন সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পরদিনই নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ আদালত সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।
১১৭ বার পড়া হয়েছে