কুমিল্লায় নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার ইষ্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মেডিকেল কলেজটির পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লার ইষ্টার্ন মেডিকেল কলেজে পড়াশোনা করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। তিনি জানান, বুধবার সকালে কলেজসংলগ্ন একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আদনান তাঁর মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনেন। গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তাঁর মা গতকাল বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়।
এর মধ্যে বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত আদনানের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।
১২০ বার পড়া হয়েছে