পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে প্রথম বৈঠক চলছে
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। এর আগে সভাটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করা হয়।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা চলছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সভার সময় পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান শ্রমিকদের অসন্তোষ ও মজুরি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন। চলতি মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আজ বুধবারের মধ্যে মজুরি বোর্ডের সভা আহ্বানের জন্য সরকারকে পরামর্শ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
এর আগে গত রোববার (১ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
এই বোর্ড তৈরি পোশাকশিল্পের সব পদে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং তা গেজেট আকারে প্রকাশ করবে সরকার।
সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী মাস থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি পেতে শুরু করেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী, সাধারণত পাঁচ বছর পরপর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হতো। তবে গত ১০ এপ্রিল জাতীয় সংসদে শ্রম আইন সংশোধন বিল পাস হয়। সংশোধিত আইনে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু হওয়ায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে এবার মজুরি বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে